৩.৬ ট্রিলিয়ন ডলার নিয়ে ফের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া
ট্রাম্পের জয়ের পর টেসলা, ট্রুথসোশ্যালসহ বেশ কয়েকটি কোম্পানির সম্পদ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে গেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। বাজার মূলধন ৩.৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে কোম্পানিটির। খবর রয়টার্স।
শুধু এই অভূতপূর্ব মাইলফলক অর্জনই নয়, এর সাথে সাথে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির খেতাব জিতেছে এনভিডিয়া। ৩.৪৪ ট্রিলিয়ন ডলারের অ্যাপলকে টপকে গিয়েছে কোম্পানিটি।
এর আগে গত জুনেও এনভিডিয়া একবার অল্প সময়ের জন্য অ্যাপলকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল। আবার গত অক্টোবরের শেষের দিকে কোম্পানিটির শেয়ারের দাম অনেকটা বৃদ্ধি পাওয়ায় বিশ্বের সবচেয়ে বেশি বাজার মূলধনসম্পন্ন কোম্পানির স্বীকৃতি পায় এনভিডিয়া। তবে এ অর্জন ছিল সাময়িক।
মূলত সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি বাড়তি চাহিদার কারণে এই সফলতা দেখছে এনভিডিয়া। এছাড়া ট্রাম্প জেতার পর কর ছাড় ও নিয়ন্ত্রণের কঠোরতা কমে যাওয়ার সম্ভাব্যতায় কোম্পানিটির শেয়ার মূল্য সর্বশেষ ২.২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
ডিবিটেক/বিএমটি







